Last Updated on 1 day by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করা, সঞ্চয় স্কিম এবং সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মালয়েশিয়ার মেলাকায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় ।
রোববার (০৭ জুন) এনবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর স্থানীয় কার্যালয়ে আয়োজিত সভায় মেলাকা প্রবাসী বাংলাদেশি কর্মী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলী হায়দার মুর্তুজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো: সিদ্দিকুর রহমান।
এছাড়াও দূতালয় প্রধান, কাউন্সেলর(শ্রম), কাউন্সেলর(কনস্যুলার), প্রথম সচিব (বাণিজ্যিক), প্রথম সচিব( প্রেস), তৃতীয় সচিব (রাজনৈতিক) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ সভায় অতিথিদের পাশাপাশি প্রবাসী কর্মীদের প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে বৈধ উপায়ে অর্থ প্রেরণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হুন্ডিসহ অবৈধ লেনদেন পদ্ধতির ঝুঁকি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় এবং ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠানোর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়।
হাইকমিশনার তার বক্তব্যে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীদের দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সঞ্চয়ের প্রয়োজনীয়তা, সরকারি-বেসরকারি ব্যাংকগুলির প্রবাসীদের জন্য সুবিধাজনক বিভিন্ন সঞ্চয় স্কিম এবং সর্বজনীন পেনশন স্কিম-এর সুবিধাগুলি তুলে ধরেন। তিনি প্রবাসীদের এধরনের সঞ্চয় ও পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিগণ তাঁদের মতামত ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হাইকমিশনার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে অগ্রণী মানি ট্রান্সফার, সিবিএল মানি ট্রান্সফার এবং এনবিএল মানি ট্রান্সফার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিচালিত মোট ৩৬টি শাখার মাধ্যমে এসব প্রতিষ্ঠান প্রবাসীদের নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স সেবা প্রদান করছে।


