Last Updated on 3 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখ বিটস” উৎসব।
গত শুক্রবার (২২ মে) এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন-(এপিইউ) ক্যাম্পাসে আয়োজিত এই উৎসব পরিণত হয় বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলায়।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ), টেইলরস ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া, সানওয়ে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া-ইউটিএম কুয়ালালামপুর-এর বাংলাদেশি শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে অংশ নেন ৬৫০-এরও বেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এটি ছিল মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ ও সফল সাংস্কৃতিক আয়োজন।
সন্ধ্যা ৬টায় ঐতিহ্যবাহী “মঙ্গল শোভাযাত্রা”র মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর আবহে রাঙিয়ে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মনজুরুল করিম খান চৌধুরী, এপিইউ-এর ভাইস চ্যান্সেলর, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা।
উৎসবজুড়ে ছিল ১৫টিরও বেশি ঐতিহ্যবাহী স্টল, যেখানে তুলে ধরা হয় বাংলাদেশের খাবার, পোশাক, হস্তশিল্প ও সংস্কৃতির নানা দিক। দর্শনার্থীরা উপভোগ করেন দেশীয় খাবারের স্বাদ, গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া এবং বাঙালিয়ানার রঙিন উপস্থাপনা।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিল শাস্ত্রীয় সংগীত, লোকগান, বাংলা ব্যান্ড সংগীত এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃসাংস্কৃতিক ফ্যাশন শো ও নৃত্য পরিবেশনা, যেখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলা গানের সঙ্গে অংশ নেন। তাদের পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে এবং বৈশ্বিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানের সফল বাস্তবায়নে টাইটেল স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাণ আরএফএল গ্রুপ। এছাড়া অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে এনটিভি মালয়েশিয়া। পুরো আয়োজনের সংবাদ প্রচার ও প্রবাসী বাংলাদেশি তরুণদের কণ্ঠ তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আয়োজকদের মতে, চমৎকার সমন্বয়, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে “বৈশাখ বিটস” মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংস্কৃতিক আয়োজনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা ও সংযোগকে আরও দৃঢ় করেছে এই আয়োজন।

