Last Updated on 33 seconds by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সের সুযোগ নিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।
এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালও নিশ্চিত করেছে আফগানরা। শিরোপার লড়াইয়ে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
ফাইনালে যাওয়ার সমীকরণে বাংলাদেশের সামনে ছিল অনেক বড় চ্যালেঞ্জ। ২৩ অক্টোবরের ফাইনালে জায়গা করে নিতে হলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হতো বাংলাদেশকে।
কিন্তু উল্টো নিজেরাই বড় ব্যবধানে হেরে জিম্বাবুয়ের ফাইনালে যাওয়ার পথটা করে দিল। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও কার্যকর প্রতিরোধ গড়তে না পারায় এমন বড় পরাজয় দেখতে হলো বাংলাদেশকে।
বুধবার ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল আফগানিস্তান। দলীয় ২৬ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ (৬)। কিছুক্ষণ পর আরেক ওপেনার সেদিকুল্লাহ আতালকেও (৪) ফিরিয়ে দেন তাসকিন। ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।
তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ইব্রাহিম জাদরান ও অধিনায়ক রহমত শাহ মিলে গড়েন ৫৬ রানের জুটি। দলীয় ৯৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ৩৪ রানে ফেরেন ইব্রাহিম। কিন্তু তাতেও আফগানিস্তানের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
এরপর হাশমতুল্লাহ শহীদিকে নিয়ে বাকি কাজটুকু অনায়াসে সারেন রহমত শাহ। চতুর্থ উইকেটে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন। ৯০ বলে ৫ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন রহমত। শহীদি অপরাজিত থাকেন ৫৪ বলে ৪ চারে ৩৬ রান করে। ৩৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। মোস্তাফিজ ৬ ওভারে ৩২ রান দিয়ে পান একটি উইকেট। বাকি বোলাররা আফগান ব্যাটারদের ওপর কোনো চাপই তৈরি করতে পারেননি।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৬০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ হোসেন ইমন। ৯৬ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। সাইফ হাসান করেন ৮২ বলে ৪১ রান। এই দুজনের ব্যাটেই কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে সাইফ ও ইমনের ৯৩ রানের জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করে।


