Last Updated on 7 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়া থেকে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া (বিসিপিএম)”র ৫ সদস্যের একটি দল।
চীনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারসহ চীনে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য, জীবনযাপন ও শিক্ষার চিত্র তুলে ধরতেই মূলত চীন সফরে যাচ্ছেন মালয়েশিয়ায় প্রবাসী ৫ সাংবাদিক।
আগামী ২৯ অক্টোবর চীনের উদ্দেশে মালয়েশিয়া ছাড়বেন তাঁরা। সফর শেষে ৫ নভেম্বর মালয়েশিয়া ফিরবেন সাংবাদিকেরা। সফরে অংশ নিচ্ছেন বিসিপিসিএমের সাবেক সভাপতি ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি ও নিউজ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ন সম্পাদক ও ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী এবং বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান।
সফরকালে সাংবাদিকেরা ক্যান্টন ফেয়ারের বিভিন্ন কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্য, মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সংবাদ সংগ্রহ করবেন। পাশাপাশি চীনে বসবাসরত বাংলাদেশিদের জীবনযাপন ও ব্যবসায়িক অভিজ্ঞতা এবং দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরবেন।
এ ছাড়া চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের।
সফরকালে সংগৃহীত তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে চীনে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার নানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে।
ক্যান্টন ফেয়ারের খবরের পাশাপাশি চীনে বাংলাদেশিদের সম্ভাবনা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ পাঠকদের সামনে তুলে ধরাই এ সফরের মূল লক্ষ্য।


