Last Updated on 15 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য ওই সফরকে ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। দুইদিনের সফরে দুদেশের সম্পর্ক উন্নয়ন, ব্যাবসা-বাণিজ্য, শিক্ষা, শ্রমিক প্রেরণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে।
এদিকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন প্রবাসী সংগঠন, দলীর সংগঠন ও কমিউনিটি নেতারা সক্রিয়ভাবে প্রস্তুতি গ্রহণ করছে। বিমানবন্দরে অভ্যর্থনা, সভা-সমাবেশে অংশগ্রহণ এবং সফরসংক্রান্ত বিভিন্ন সমন্বয়মূলক কর্মকাণ্ডে প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হবে বলে জানা গেছে।
কমিউনিটি নেতা ও মালয়েশিয়া যুব দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ প্রবাসীদের কর্মতৎপরতা বৃদ্ধি করেছে। প্রবাসে স্থানীয় আইনের প্রতি নজর রেখে দলীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যরা যেন সুশৃঙ্খল ভাবে সভা সমাবেশ করে তা উৎসাহিত করতে ইতিমধ্যে সভা ও আলোচনা নিয়মিত শুরু করা হয়েছে। মালয়েশিয়া সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টনি থাকলেও প্রবাসী মহলে নিরাপত্তাহীনতা ও জঙ্গিবাদের সম্ভাবনার ব্যাপারেও দলীয় ভাবে খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানান জসিম উদ্দিন।
রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশ কমিউনিটির সাথেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর এ সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় আর বাড়বে ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা করছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীরা।
মালয়েশিয়ায় অবস্থিত হাইকমিশনের কাউন্সেলর ফিরোজ রাব্বানির কাছে প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানতে চাইলে তিনি জানান, সার্বক্ষনিক মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। নিরাপত্তা বা বিশৃঙ্খলার ব্যাপারে তাদের নজরদারি আছে এবং তা বাংলাদেশে কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


