Last Updated on 16 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার তরুণী শার্মি আক্তার নাদিরা। হাত, বুক থেকে মুখমণ্ডল পর্যন্ত মারাত্মকভাবে দগ্ধ এই নারী বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
জানা গেছে, পবিত্র রমজানে ইফতার সামগ্রী প্রস্তুতের সময় অসাবধানতাবশত তার ওড়নায় আগুন লেগে শরীরের উপরের অংশে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মালায়া বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং পরে কুয়ালালামপুর হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়।
তবে উচ্চ চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় মাঝপথেই চিকিৎসা বন্ধ করে হাসপাতাল ছাড়তে বাধ্য হন নাদিরা। বর্তমানে তিনি কুয়ালালামপুরের বুকিত বিনতাংসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছেন।
চিকিৎসকরা জানান, নাদিরার বুক থেকে মুখমণ্ডল পর্যন্ত প্রায় ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে।
৩৭ বছর বয়সী নাদিরা জীবিকার তাগিদে মাত্র সাত মাস আগে পাড়ি জমান মালয়েশিয়ায় । তিনি একটি খাবারের রেস্তোরাঁয় কাজ করতেন। হঠাৎ এ দুর্ঘটনায় তার জীবন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন গুরুতর আহত নাদিরা।

