Last Updated on 2 months by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে । স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২৫ মার্চও সোনার দাম ভরিতে ৫৪৮২ টাকা কমানো হয়। সব মিলিয়ে টানা সাত দফায় ভালো মানের সোনার ভরিতে দাম কমেছে ৩৫ হাজার ৫৭৫ টাকা।
বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি ৬ হাজার ২৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ৫ হাজার ৩৬৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ৪ হাজার ৪৩২ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।


