Last Updated on 1 hour by zajira news
সওকত হোসেন, জাজিরা নিউজ: আন্তর্জাতিক আলোকচিত্রের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আলোকচিত্রী পিনু রহমান। দুবাইভিত্তিক ‘হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার’ (হিপা)-এর ১৫তম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড পুরস্কার’ অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ের ফিউচার মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার।
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা পরিবারের ছবি তুলে এই সম্মান অর্জন করেন পিনু রহমান। ছবিটির নাম ‘আন্ডার দ্য সেইম স্কাই’। আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারানোর পরও পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, নির্ভরতা ও একতার যে বন্ধন অটুট থাকে, সেই মানবিক চিত্রই ছবিটিতে তুলে ধরেছেন তিনি।
এবারের প্রতিযোগিতায় পরিবারকে কেবল মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও ব্যাপক অর্থে বিবেচনার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ।
পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে পিনু রহমান বলেন, “বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।”
পেশায় ব্যাংকার পিনু রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত। তার বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে চলতি বছর একের পর এক সাফল্য পেয়েছেন এই বাংলাদেশি আলোকচিত্রী। হিপার সর্বোচ্চ পুরস্কার জয়ের আগে ‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।
এ ছাড়া ইতালির ‘সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬’-এ মাথায় পাটের বোঝা বহনকারী এক বৃদ্ধ শ্রমিকের ছবি তুলে ‘দ্য গোল্ডেন বার্ডেন’ বিভাগে প্রথম পুরস্কার পান পিনু। একই সময়ে ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস’-এ তার ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শিরোনামের ছবিটি ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি লাভ করে।
এবারের হিপা প্রতিযোগিতায় ‘ফ্যামিলি’ থিমের পাশাপাশি স্পোর্টস, পোর্টফোলিও, জেনারেল এবং নতুন যুক্ত হওয়া ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগেও পুরস্কার দেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এ ছাড়া প্রতিযোগিতাটির বিভিন্ন আসরে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেছেন। তবে পিনু রহমানের হাত ধরেই প্রথমবারের মতো হিপার সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড পুরস্কার’ পেল বাংলাদেশ।

