সময়ের জনমাধ্যম

আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান বৈঠক, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায় গুরুত্ব

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

Last Updated on 23 seconds by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক হয়।

আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং তাঁদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের বিষয় উঠে আসে। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের সাক্ষাতের কথা স্মরণ করেন।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য তুরস্ক সরকারকে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, এ খাতে প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি যৌথ বিনিয়োগেরও উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

এ ছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ উত্তোলনে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ ও সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকট নিরসনে তুরস্কের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় তুরস্কের সংহতি ও নীতিগত সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় তুরস্কের বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য দেশটির জনগণকেও ধন্যবাদ জানান তিনি।

তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখা জরুরি। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে তুরস্ক ভবিষ্যতেও জোরালো অবস্থান বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।