Last Updated on 20 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়েছে, সোমবার আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি পাঠান শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই তাঁর পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার দুই বছরের বেশি সময় পর বাংলাদেশে ফেরার ক্ষেত্রে এটিই শেখ হাসিনার সবচেয়ে দৃশ্যমান উদ্যোগ। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যেই তিনি দেশে ফিরতে চান।
এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতোই ভারতে অবস্থান করছেন, কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। আবার অনেক নেতা কারাগারে আছেন। আওয়ামী লীগের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হবে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
আইনজীবীরা শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও তাঁদের আবেদনে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছরের বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন সময়ে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।
তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমার সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।


