Last Updated on 29 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
নিহত সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশুও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।


