সময়ের জনমাধ্যম

রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত

Last Updated on 59 mins by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাঁর বিদায়কে সাধারণ কোনো ঘটনায় পরিণত করতে চায় না পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

দেশের অন্যতম সেরা এই ফুটবল তারকাকে বর্ণাঢ্য সম্মাননার মধ্য দিয়ে বিদায় জানাতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর দেওয়া এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানায় এফপিএফ। সেখানে তাঁর দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব ও সাফল্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেডারেশন। একই সঙ্গে সমর্থকদের সামনে প্রিয় অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর সুযোগ তৈরি করতে চায় তারা।

বিবৃতিতে রোনালদোকে কেবল একজন অসাধারণ ফুটবলার হিসেবে নয়, বরং নেতৃত্ব, পরিশ্রম ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তারকা। তাঁর গোলসংখ্যা ১৪৬। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়ে দেশের ফুটবল ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি।

পর্তুগালের জার্সিতে রোনালদোর প্রতিটি অর্জন, গুরুত্বপূর্ণ গোল এবং অধিনায়কের দায়িত্ব পালনের বিষয়গুলোকে দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছে ফেডারেশন। তাদের মতে, বিশ্বমঞ্চে পর্তুগালের পরিচিতি ও মর্যাদা বাড়াতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

এফপিএফ বিবৃতিতে স্পষ্ট করেছে, রোনালদোর মতো কিংবদন্তির বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে দেওয়া যায় না। তাঁর দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি তাতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানিয়েছে সংস্থাটি। সেই আয়োজনে সমর্থকসহ পুরো দেশের মানুষ যেন আরেকবার তাঁকে সম্মান ও ভালোবাসা জানাতে পারেন, সেটিই তাদের লক্ষ্য।

বিবৃতির শেষাংশে আবেগঘন বার্তায় রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ফেডারেশন বলেছে, জাতীয় দল সব সময় তাঁর নিজের ঘর হয়ে থাকবে। একই সঙ্গে তাঁর ক্যারিয়ারের পরবর্তী লক্ষ্য হিসেবে এক হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে যাওয়ার শুভকামনাও জানিয়েছে তারা।