সময়ের জনমাধ্যম

সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা

Last Updated on 39 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মপরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। শ্রমিকরা নির্বিঘ্নে কাজে ফিরেছেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)সহ শিল্পাঞ্চলের সব কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়।

সকালে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ হেঁটে কর্মস্থলে পৌঁছান।

অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন। বিজিবির বিশেষ দল নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলছে।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়ার সব শিল্প এলাকায় সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

এর আগে গত কয়েক দিন ধরে মাসিক বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছেন। নতুন কাঠামো কার্যকর হলে জানুয়ারিতে বর্ধিত বেতন হাতে পাওয়ার কথা তৈরি পোশাকশ্রমিকদের।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।