সময়ের জনমাধ্যম

দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

Last Updated on 3 mins by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাংলাদেশে সর্বোচ্চ।

বর্তমানে দেশে একটি ১২ কেজির সিলিন্ডার কিনতে গ্রাহককে ব্যয় করতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অথচ ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে সমপরিমাণ গ্যাসের দাম এর চেয়ে অনেক কম।

সোমবার (২ নভেম্বর) দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। তুলনায় পাকিস্তানে ১২ কেজি গ্যাসের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা এবং নেপালে ১ হাজার ৪২৬ টাকা। ভারতের কলকাতায় সমপরিমাণ এলপিজির দাম প্রায় ১ হাজার ৭২ টাকা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সিলিন্ডারের প্রচলিত ধারণক্ষমতা ভিন্ন। ভারত ও নেপালে সাধারণত ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার বেশি ব্যবহৃত হয়। পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজি, শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি এবং বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডারের চাহিদা বেশি। তাই তুলনার ক্ষেত্রে প্রতিটি দেশের দাম ১২ কেজি গ্যাসের হিসাবে রূপান্তর করা হয়েছে।

ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ রুপি। কলকাতায় একই সিলিন্ডার কিনতে লাগে ৯৬৮ রুপি। বিনিময় হার ধরে কলকাতায় প্রতি কেজি গ্যাসের দাম প্রায় ০.৭১৮ ডলার। সে হিসাবে ১২ কেজি এলপিজির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২ টাকা।

ভারতে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য প্রতি সিলিন্ডারে ৩০০ রুপি ভর্তুকি দেওয়া হয়। তবে বছরে সর্বোচ্চ চারবার এই সুবিধা নেওয়া যায়। ভর্তুকি পেতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। ভর্তুকি হিসাবের বাইরে রেখেও কলকাতায় ১২ কেজি এলপিজির দাম প্রায় ১ হাজার ৭২ টাকা।

নেপালে ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দেশটির সরকারি সংস্থা নেপাল অয়েল করপোরেশনের হিসাবে, এই সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। ১২ কেজি গ্যাসের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ হাজার ৪২৬ টাকা।

শ্রীলঙ্কার সরকারি প্রতিষ্ঠান লিট্রো গ্যাসের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ রুপি। বিনিময় হার অনুযায়ী, ১২ কেজি এলপিজির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬৭ টাকা।

পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য বলছে, দেশটিতে ১১ দশমিক ৮ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৭০ রুপি। ১২ কেজি গ্যাসের সমপরিমাণ মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৩ টাকা।

তবে প্রতিবেশী দেশগুলোতে সব সময় সরকারি নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। চাহিদা বাড়লে স্থানীয় বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।

বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার পেছনে আমদানি ও পরিবহন ব্যয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নভেম্বরের মূল্য নির্ধারণে প্রতি টন এলপিজির পরিবহন ব্যয় ও আমদানিকারকের প্রিমিয়াম বাবদ ২৫০ ডলার ধরা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই ব্যয়ের তুলনামূলক নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।