Last Updated on 27 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
সোমবারও (২ নভেম্বর) বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও আগুন দেন। সংঘর্ষে সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।
সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে দিতে পুলিশ ও বিজিবি ধাওয়া দিলে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগে আরও কয়েকজন সাংবাদিক হামলা, মারধর ও মুঠোফোন ছিনতাইয়ের শিকার হয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ একযোগে কাজ করছে।


