সময়ের জনমাধ্যম

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষ

Last Updated on 26 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈন এ তথ্য জানান।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসন্তোষ নিরসনে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এ সময় বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রমিক অসন্তোষ প্রশমিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল থেকে গাজীপুরের শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।