সময়ের জনমাধ্যম

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

Last Updated on 1 min by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ হাজার টাকা ফি নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষা করাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সহায়তা না নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীরা মন্ত্রণালয় অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টারকে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত করা যাবে না।

এতে আরও বলা হয়, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির আপত্তি গ্রহণযোগ্য হবে না।

মেডিকেল সেন্টার নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ দাবি করলে কিংবা স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে হয়রানি বা অযথা বিলম্ব করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অভিযোগ secretary@probashi.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম বা অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।