সময়ের জনমাধ্যম

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

Last Updated on 50 mins by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর ও সাভারে সড়কে নেমেছেন পোশাক শ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছালে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। জবাবে পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাছা এলাকায় প্রায় ২ থেকে ৪ হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, সাভারের হেমায়েতপুরে পদ্মার মোড়ে বুধবার সকালে শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানার সামনে সকাল থেকে শ্রমিকদের জমায়েত দেখা গেলেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এ সময় শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।