Last Updated on 1 hour by zajira news
স্পাের্টস ডেস্ক, জাজিরা নিউজ: আগের দুই ম্যাচে পাননি গোলের দেখা। তাই শুক্রবার ‘আই’ গ্রুপের শেষ রাউন্ডে নিজেদের শেষ ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন উসমান ডেম্বেলে।
শেষ পর্যন্ত এ তারকা উপহার দিলেন দুর্দান্ত হ্যাটট্রিকের। নাম লেখালেন রেকর্ড বইয়ে। নরওয়েকে অনায়াসে হারিয়ে গ্রুপ সেরা হলো ফ্রান্স।
বস্টনে শুক্রবার (২৬ জুন) নরওয়েরেক ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সেনেগাল। সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আফ্রিকার দলটি। তিন ম্যাচেই হারের পথে ১২ গোল খেয়ে বিদায় নিয়েছে ইরাক।
টানা জয়ে আগেই ফ্রান্স ও নরওয়ের নকআউটে ওঠা নিশ্চিত ছিল। তারপরও শুক্রবারের ম্যাচটি দুই দলের জন্যই ছিল গ্রুপ সেরার লড়াই। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হলো ফ্রান্সের। তিন ম্যাচের সবকটিই জিতল তারা। আসরে প্রথম হারের স্বাদ পাওয়া নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।
শুক্রবার রাতে প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান ডেম্বেলে। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের শুরু থেকে দ্বিতীয় দ্রুততম ও গত ৭২ বছরে দ্রুততম হ্যাটট্রিক এটি। প্রথম দুই ম্যাচে চার গোল করা কিলিয়ান এমবাপে এবার জালের দেখা না পেলেও, ডেম্বেলের প্রথম দুটি গোলে অ্যাসিস্ট করেন তিনি। শেষ দিকে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন দিজিরে দুয়ে।
সেনেগালকে ৩-২ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে ১০টি পরিবর্তন এনে নামে নরওয়ে। প্রথম দুই ম্যাচে চার গোল করা আর্লিং হল্যান্ডকে রাখা হয় বেঞ্চে। দ্বিতীয়ার্ধেও মাঠে নামানো হয়নি তাকে। আগের ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারানো ফ্রান্স তাদের একাদশে পরিবর্তন আনে চারটি।
এমবাপে ম্যাচের প্রথম মিনিটেই গোল পেতে পারতেন। কিন্তু ডান দিক দিয়ে বক্সে ঢুকে তার শট লাগে ক্রসবারে। তবে গোলের জন্য বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি ফ্রান্সকে। সপ্তম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন দেম্বেলে। মাঝমাঠ থেকে এমবাপের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে ছিল প্রতিপক্ষের তিন খেলোয়াড়। দুই জনের মাঝ দিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্যালন দ’র জয়ী তারকা।
ম্যাচের ৭ম মিনিটে প্রথম গোলের দেখা পান ডেম্বেলে। এরপর ২০তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এমবাপের আরেকটি পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
পরের মিনিটে ব্যবধান কমায় নরওয়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে গোলটি করেন আসগার্ড। তবে ৩২তম মিনিটে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন ডেম্বেলে। অহেলিয়া চুয়ামেনির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। এবারও বক্সে তার সামনে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। তাদের মাঝ দিয়ে বাঁ পায়ের আরেকটি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হারায় নরওয়ে। লারসেনের দুর্বল পেনাল্টি কিক ঠেকিয়ে দেন মাইক মিয়াঁ। অস্কার বব ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল নরওয়ে। এরপর খেলার গতি কমে আসে। ৬৫তম মিনিটে তুলে নেওয়া হয় দেম্বেলেকে। ৮৭তম মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন এমবাপেও।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ান দুয়ে। বাঁ দিক থেকে ব্রাডলে বার্কোলার ক্রসে বক্সে হেডে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। শেষ বত্রিশে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে নরওয়ে।


