সময়ের জনমাধ্যম

মেজর লিগ সকারে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে মেসির ইতিহাস

Last Updated on 27 seconds by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ফুটবল ক্যারিয়ারের অর্জনের খাতায় আরও একটি অনন্য রেকর্ড যোগ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে মেসির পুরস্কার জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে লিগ কর্তৃপক্ষ। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় টানা দুই আসরে গোলদাতার শীর্ষস্থান ধরে রাখতে পারেননি।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে ৩১টি ম্যাচ খেলে ২৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৭টি। গোলসংখ্যার বিচারে তাঁর পরেই রয়েছেন এফসি ডালাসের পিটার মুসা, যাঁর গোল ২২টি। ২১ গোল নিয়ে পরের অবস্থানে ন্যাশভিল এসসির স্যাম সারিজ।

এর আগের মৌসুমে মেসির গোলসংখ্যা ছিল ২৯। সব মিলিয়ে এমএলএসে টানা দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি। লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা।

এ নিয়ে এমএলএসে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি। এই পুরস্কার একাধিকবার পাওয়ার কৃতিত্ব রয়েছে আরও পাঁচ ফুটবলারের। তাঁরা হলেন ব্র্যাডলি রাইট ফিলিপস (২০১৪ ও ২০১৬), ক্রিস উন্দোলস্কি (২০১০ ও ২০১২), জেফ কানিংহাম (২০০৬ ও ২০০৯), টেইলর টুয়েলমান (২০০২ ও ২০০৫) এবং প্রেকি (১৯৯৭ ও ২০০৩)।

১৯৯৬ সালে এমএলএসের যাত্রা শুরুর পর ২০০৪ সাল পর্যন্ত গোল্ডেন বুটের হিসাব করা হতো পয়েন্টের ভিত্তিতে। সে সময় প্রতিটি গোলের জন্য বরাদ্দ ছিল দুই পয়েন্ট এবং অ্যাসিস্টের জন্য এক পয়েন্ট। ২০০৫ সাল থেকে নিয়ম পরিবর্তন করে সর্বোচ্চ গোলদাতাকে সরাসরি এই পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়।

গোল্ডেন বুটের পাশাপাশি এবার আরও একটি ব্যক্তিগত স্বীকৃতির সামনে দাঁড়িয়ে আছেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে তিনবার এমভিপি বা মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে তাঁর। এর আগে ২০২৪ সালে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস চ্যাম্পিয়নশিপ জেতানোর পর এমভিপি হয়েছিলেন তিনি।

এদিকে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। এমএলএস কাপের প্লে-অফের প্রথম পর্বে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু। দুই দলের লড়াই হবে তিন ম্যাচের সিরিজে, যেখানে পরবর্তী পর্বে যেতে প্রয়োজন হবে দুই ম্যাচে জয়।