Last Updated on 37 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির শোভাযাত্রা শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অঙ্গীকারের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করে আসছে। ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধেও তাদের তৎপরতা ছিল। জনগণ অতীতে তাদের সেই অপচেষ্টা প্রতিহত করেছে। তবে ওই মহল আবারও ষড়যন্ত্রের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সবাইকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকার করতে হবে। যেকোনো পরিস্থিতিতে এসব অধিকার সুরক্ষিত রাখাই হোক দিবসটির মূল শপথ।
তিনি আরও বলেন, যত দিন বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, তত দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রার ধারাবাহিকতাও বজায় থাকবে।
দিবসটি উপলক্ষে বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জ্যেষ্ঠ নেতারাও এতে অংশ নেন।
নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এ সময় তারেক রহমানের সঙ্গে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।


