Last Updated on 32 seconds by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) হাইকমিশনের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৈরি একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। এরপর ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন এবং সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর নেতৃত্বে পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতির বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মুক্তবাজার অর্থনীতির বিস্তার এবং দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
এ সময় তিনি তৈরি পোশাকশিল্পের ভিত্তি গড়ে তোলা, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কৃষি খাতের অগ্রগতি এবং খাল খনন কর্মসূচির বিষয়েও আলোকপাত করেন।
আলোচনা সভার পর দেশ ও জাতির শান্তি, কল্যাণ, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, মালয়েশিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

