Last Updated on 24 seconds by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের একটি হলরুমে মালয়েশিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। স্বাগত বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাঁদের সাংগঠনিক দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আলোচনায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড ও দীর্ঘ পথচলা তুলে ধরেন। পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং মালয়েশিয়ায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রবাসে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম শাহ।
এ ছাড়া বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম রহমান তনু ও সদস্যসচিব হেলাল শিকদার। যুবদলের পক্ষে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার ও তাহমিদ তাজওয়ারসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।


