সময়ের জনমাধ্যম

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪

Last Updated on 2 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর আলগার্ভে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন।

রাম প্রসাদ সরকার (৩৬) নামে এ বাংলাদেশির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় এ দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও ৪ বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, গাড়িটি মেক্সিলহেইরা গ্রান্দে এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়। গাড়িতে ৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

রাম প্রসাদ সরকার (৩৬) ছবি: পাসপোর্ট থেকে নেওয়া

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে পোর্তিমাও এবং ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। উদ্ধার অভিযান শেষে কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সতর্কসংকেত উপেক্ষা করে রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি ট্রেনের সামনে পড়ে যায়।

প্রবাসীরা জানান, জীবিকার সন্ধানে মাত্র ১০-১৫ দিন আগে রাম প্রসাদ পর্তুগালে এসেছিলেন। লাশ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার।