সময়ের জনমাধ্যম

অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট মিলছে আজ

Last Updated on 5 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদযাত্রার তৃতীয় দিনের, অর্থাৎ আগামী ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৫ মে)।

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে অগ্রিম টিকিট বিক্রির এ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। রেলওয়ে জানিয়েছে, ১৬ মে বিক্রি হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।

অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে’র টিকিট বিক্রি করা হবে। এছাড়া ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

একজন যাত্রী ঈদে যাওয়া ও ফেরার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতি যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। চারটি টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নামও ইনপুট দিতে হবে। রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়।

এদিকে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

টিকিট কালোবাজারি ও প্রতারণা ঠেকাতে যাত্রীদের সতর্ক করে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ফেসবুক পেজ বা অননুমোদিত ব্যক্তি-প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনাবেচা করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আহ্বান জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য।