Last Updated on 2 mins by zajira news
ফরিদপুর প্রতিনিধি, জাজিরা নিউজ: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডভর্তি একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে মালামাল খালাসের উদ্দেশ্যে ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ট্রাকটির মাঝের অংশে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


