সময়ের জনমাধ্যম

‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয়—খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

Last Updated on 50 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। আইনজীবীর মাধ্যমে সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রয়টার্সের প্রতিবেদনে আওয়ামী লীগের নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ নির্ধারণ করা হবে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতাকর্মী কারাবন্দী রয়েছেন। অন্যদের একটি অংশ ভারতে কিংবা অন্য দেশে অবস্থান করছেন।

দুই বছরের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।