সময়ের জনমাধ্যম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

Last Updated on 30 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রাথমিক মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে প্রস্তাবের বিষয়টি জানানো হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। আরও অংশ নেন মালিকপক্ষের প্রতিনিধি এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

ব্রিফিংয়ে শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাবের ব্যাখ্যা দেন বাবুল আখতার। তিনি জানান, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি ও ক্যালরির চাহিদা পূরণের পাশাপাশি বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার খরচ মেটাতে একজন শ্রমিকের মাসে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের আর্থিক সামর্থ্য ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন।

অন্যদিকে, এদিনের সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা উপস্থাপন করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম সামাল দিতেই মালিকদের বেশি সময় ব্যয় করতে হচ্ছে। এ অবস্থায় মজুরি প্রস্তাব প্রস্তুত করতে তাঁদের বাড়তি সময় প্রয়োজন।

তিনি জানান, মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সদস্যদের সম্মতিতে চার কর্মদিবস সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে।

তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিকপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাব। তাদের প্রস্তাবের জন্য বসে থাকব না।’

সভা শেষে চেয়ারম্যান জানান, বৈঠকে সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, পোশাকশ্রমিকদের প্রকৃত কর্মপরিবেশ, জীবনযাত্রার অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানার জন্য চলতি সপ্তাহেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলের সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন।

দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মজুরি নির্ধারণের সূচকগুলো পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজন হলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন।

ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাঁদের প্রত্যাশা, ডিসেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। সে অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত বেতন পাবেন।