Last Updated on 1 hour by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান শিগগিরই আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের প্রত্যাশা জানান।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক হয়।

বৈঠকে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উঠে আসে। দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।
আলোচনায় প্রবাসী কর্মীদের বিষয়, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার নানা ক্ষেত্র পর্যালোচনা করা হয়। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন উভয় মন্ত্রী।
এ ছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে অভিবাসন প্রক্রিয়ায় যৌথ পরিদর্শন ও নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার করার আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

