Last Updated on 57 mins by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে আগ্রহী। এ লক্ষ্যে বাগেরহাটের মোংলায় নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে তারেক রহমান বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য তিনি চীনের বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়ার বিষয়েও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও গতিশীল করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের উদ্যোগ নেবে সরকার।


