সময়ের জনমাধ্যম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Last Updated on 1 hour by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। আগে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সফরের পরিকল্পনা থাকলেও পরে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কয়েকটি আলোচনা সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও পরমাণু নিরস্ত্রীকরণসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় আলোচনায় আসতে পারে।

সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের প্রস্তুতি রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ একাধিক আলোচনা আয়োজন করছে। এসব আয়োজনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়া হবে।

সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নতুন সরকারের অগ্রাধিকার, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তনের বিষয়টিও তাঁর ভাষণে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।