Last Updated on 27 seconds by zajira news
বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালি দিনগুলোতে।’ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে জন্মদিনের (১৯ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে এমনই আবেগঘন কথা লিখেছেন চিত্রনায়িকা শাবনূর।
সালমানের সঙ্গে ১৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি। একের পর এক সিনেমায় জুটি হয়ে তাঁরা নব্বইয়ের দশকের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান। সেই সময় তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জনও কম হয়নি। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাইবোনের মতো।
সালমান শাহর জন্মদিন উপলক্ষে দেওয়া ফেসবুক পোস্টে শাবনূর ফিরে গেছেন সেই সোনালি সময়ের স্মৃতিতে। শুটিং সেটে সালমান শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, তাঁর কাছে ছিলেন ‘অসাধারণ হৃদয়ের মানুষ’।
শাবনূরের স্মৃতিতে, সেটে সবার সঙ্গে সম্মান ও আন্তরিকতা নিয়ে আচরণ করতেন সালমান। শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান শাহ। সবার খোঁজ নিতেন, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতেন এবং আপন করে যত্ন নিতেন।
শাবনূর ফেসবুকে লিখেছেন, সালমানের সুন্দর মন ও মানসিকতাই তাঁকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে। সময় পেরিয়ে গেলেও সেই স্মৃতি তাঁর কাছে এখনো জীবন্ত। পুরোনো গান কিংবা সালমানের কোনো সিনেমার দৃশ্য দেখলেই তাঁর মনে হয়, যেন সেই সোনালি দিনগুলো আবার ফিরে এসেছে।
সালমান শাহ ও শাবনূরের জুটি তৈরি হয়েছিল ‘তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে। এরপর একসঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করেন তাঁরা। তাঁদের পর্দা রসায়ন দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়েছিল যে নব্বইয়ের দশকের চলচ্চিত্রে এই জুটি হয়ে ওঠেন অন্যতম আলোচিত। অভিনয়ের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তখন নানা আলোচনা ও গুঞ্জন ছিল।
তবে এসব আলোচনার মধ্যে শাবনূর বরাবরই সালমানের সঙ্গে তাঁর সম্পর্ককে ভাইবোনের সম্পর্ক হিসেবেই ব্যাখ্যা করেছেন। বিভিন্ন সময় তিনি বলেছেন, তাঁদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব ও বোঝাপড়া। এমনকি দুজন একে অন্যের চোখের ইশারাও বুঝতে পারতেন—এমন কথাও জানিয়েছেন শাবনূর।
সালমান শাহর মৃত্যুর পরও তাঁর সঙ্গে কাজের স্মৃতি নানা সময়ে তুলে ধরেছেন শাবনূর। এবার জন্মদিনের পোস্টেও সেই স্মৃতির পাশাপাশি প্রয়াত সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পোস্টের শেষে সালমানকে নিয়ে মিথ্যা অপবাদ, তুচ্ছতাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধও জানিয়েছেন শাবনূর। তাঁর মতে, একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট থাকা উচিত। ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই সালমান শাহর স্মৃতি হৃদয়ে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

