Last Updated on 42 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে সফর করেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তিন দিনের এ সফরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, বৈশ্বিক অংশীদারত্ব এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সফরকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বিভিন্ন সামগ্রীও ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে অংশ নেন তিনি।

