সময়ের জনমাধ্যম

সব জটিলতার অবসান ঘটিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়

Last Updated on 2 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: সব জটিলতার অবসান ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিতে নাম লিখিয়েই জননেতা বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় হতে যাচ্ছেন ভারতের তামিলনাডু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

শনিবার (০৯ মে) তামিলনাডুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি তুলেছেন বিজয়। রাজ্যপাল তার এ দাবিতে সায় দিয়েছেন, ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগমের (টিভিকে) সরকার রোববার স্থানীয় সময় সকাল ১০টায় শপথ নেবে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠন করতে পারছিল না টিভিকে। বিজয় দুটি আসনে জয় পাওয়ায় টিভিকের বিধায়ক সংখ্যা ১০৭।

৫টি আসনে জয় পাওয়া কংগ্রেসের সঙ্গে জোট করার পর তাদের মোট আসন দাঁড়ায় ১১২। কিন্তু সরকার গঠন করার জন্য বিধানসভার মোট ২৩৪ আসনের মধ্যে প্রয়োজন ছিল অন্তত ১১৮টি আসন।

শুক্রবার দুই বাম দল সিপিএম ও সিপিআই টিভিকের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে। এই দুই দলের চার আসন মিলিয়ে সংখ্যাটি ১১৬ থেকে ঠেকে। কিন্তু আরও দুই আসনের ঘাটতি রয়েই যায়।

শনিবার দ্রাবিড় তামিল জাতীয়তাবাদী দল ভিডুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) টিভিকের প্রতি শর্তহীন সমর্থন জানায়। বিধানসভায় এই দুই দলের প্রত্যেকের দুইটি করে আসন থাকায় তাদের সমর্থনে টিভিকের নেতৃত্বাধীন জোটের মোট আসন ১২০টিতে পৌঁছে যায়। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ এর ‘ম্যাজিক ফিগার’ পার হয়ে যায় তারা।

এর মধ্য দিয়ে চার দিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়। টিভিকে প্রধান রাজ্যপাল আরলেকারের সঙ্গে দেখা করে ১২০ বিধায়কের সমর্থনের চিঠি উপস্থাপন করেন। আর এরপর সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে টিভিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজ্যপাল।

এর আগে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার- পরপর তিন দিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়, কিন্তু আরলেকার বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় প্রতিনিধিত্ব নেই জানিয়ে তার দাবি প্রত্যাখ্যান করেছিলেন।