Last Updated on 11 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ২০২৩ সালের পর প্রথম সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। ১৪ ইনিংসের মধ্যে প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করলেন মুশফিকুর রহিম। তাদের জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটে নিজেদের সেরা জুটি গড়ল বাংলাদেশ। তাতে প্রথম দিনে চালকের আসনে বসে গেল সফরকারীরা।
প্রথম দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯২। ষষ্ঠ সেঞ্চুরিতে ২৬০ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৬ রানে খেলছেন অধিনায়ক শান্ত।
দ্বাদশ সেঞ্চুরিতে ১৮৬ বলে পাঁচ চারে মুশফিকের রান ১০৫। তাদের জুটিতে ২৪৭ রান এসেছে ৪৪৩ বলে।
১৭তম ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন দলের সাবেক ও বর্তমান অধিনায়ক। লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে দলকে নিয়ে গেছেন তিনশ রানের কাছে।
দ্বিতীয় নতুন বলের ১০ ওভারও কাটিয়ে দিয়েছেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় দিন তারা নামবেন ইনিংস যতটা সম্ভব বড় করার লক্ষ্য নিয়ে।
২ উইকেট নিলেও টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনেই রান দেওয়ার সেঞ্চুরি হয়ে গেছে থারিন্দু রাত্নায়াকের। আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আঁটসাঁট বোলিং করলেও কোনো উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; আসিথা ১৪-২-৫১-১, মিলান রত্নায়াকে ১২-৩-১৯-০, থারিন্দু রাত্নায়াকে ৩২-৩-১২৪-২, জয়াসুরিয়া ২৯-০-৮৬-০, ডি সিলভা ৩-০-৭-০)


