সময়ের জনমাধ্যম

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

Last Updated on 12 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর শাহবাগ মোড় থেকে পৌনে দুই ঘণ্টা পর সরে গেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা–কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ রোববার (১৮ মে) বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তাঁরা।

বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করে শাহবাগ থেকে চলে যান। তখন শাহবাগ মোড় দিয়ে আবার যান চলাচল শুরু হয়।

এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। এর আগে গত ১৬ মে বেলা ১২টায় থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেদিনও তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে থানা পুলিশের আশ্বাসে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলে যান।

প্রসঙ্গত, শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

গত ১৩ মে রাতে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনেই মাদারীপুরের বাসিন্দা। তারা হলেন – তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।