Last Updated on 14 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আগামী বছর যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন, তাদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, যা গতবারের চেয়ে ৮ শতাংশ বেশি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন।
২০২৬ সালে সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকার। সে হিসাবে এবার হজের খরচ ৩৮ হাজার ৫১১ টাকা বেড়েছে। তবে ধর্ম মন্ত্রণালয়ের দাবি, সার্বিক সেবা ও আনুষঙ্গিক খরচের হিসাব বিশ্লেষণ করলে দেখা যাবে আসল চিত্র উল্টো।
খাবার, মোয়াল্লেম ফি এবং মুদ্রা বিনিময়ের দর সমন্বয়ের পর বাস্তবে একই মানের সেবার ক্ষেত্রে ২০২৭ সালে হজের খরচ ২৮ হাজার ৬৩ টাকা কমছে বলে মন্ত্রণালয়ের ভাষ্য।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’ এবং প্রকাশিত ব্যয় বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২০২৬ সালে সরকার ঘোষিত ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকার প্যাকেজে হজযাত্রীদের প্রতিদিনের খাবারের খরচ যুক্ত ছিল না। হাজিদের সেই টাকা নিজ উদ্যোগে খরচ করতে হত।
অন্যদিকে, ২০২৭ সালের সর্বনিন্ম ‘সাশ্রয়ী প্যাকেজ-২’-এ মক্কা ও মদিনায় খাবার এবং কোরবানির অর্থ আগে থেকেই সরকারি মূল্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আদতে হজের খরচ বাড়েনি বলে ভাষ্য মন্ত্রণালয়ের।
ধর্ম মন্ত্রণালয়ের ব্যয় বিশ্লেষণ অনুযায়ী, ২০২৭ সালের নতুন প্যাকেজে বাধ্যতামূলকভাবে ১ হাজার ১৯০ রিয়াল বা ৩৯ হাজার ৫০৮ টাকার খাবারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি সৌদি সরকার মিনা ও আরাফাতে আগের সর্বনিম্ন ক্যাটাগরির সেবা বাতিল করায় মোয়াল্লেম সার্ভিস বাবদ বাধ্যতামূক খরচ বেড়েছে ৭০০ রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার ২৪০ টাকার (প্রতি রিয়াল ৩৩.২০ টাকা হারে) মত।এছাড়া রিয়ালের বিনিময় হারের সমন্বয়ের ফলে অতিরিক্ত যোগ হয়েছে ৩ হাজার ৮২৫ টাকা ৮৫ পয়সা।
ধর্ম মন্ত্রণালয় বলছে, এই হিসাব আমলে নিলে গতবারের সেই প্যাকেজের সমতুল্য ‘প্রকৃত মূল্য’ দাঁড়ায় ৫ লাখ ৩৩ হাজার ৭১১ টাকা।
উপরন্তু, এই সব নতুন সেবাসহ ২০২৭ সালে সর্বনিম্ন সাশ্রয়ী প্যাকেজটির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। তাতে হজযাত্রীদের প্রকৃতপক্ষে ২৮ হাজার ৬৩ টাকা ‘সাশ্রয় হচ্ছে’ বলে ধর্ম মন্ত্রণালয়ের দাবি।
ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ছিল ৬ লাখ ৯০ হাজাত ৫৯৭ টাকা। ২০২৭ সালে তা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে খরচ কমেছে ৭৫ হাজার ৩৩৪ টাকা।
এছাড়া বেসরকারি এজেন্সির জন্য সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। মূল খরচ কমার প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে উড়োজাহাজ ভাড়া।
মন্ত্রণালয় বলছে, ২০২৭ সালে বাংলাদেশ-সৌদি যাতায়াতে বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরগুলোর চেয়ে বেশ কম।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সাশ্রয়ী প্যাকেজ-২ এর আওতায় মক্কায় হারাম শরীফ থেকে দূরত্বের পরিধি ২ থেকে ৩ কিলোমিটার হলেও আসা-যাওয়ার জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা এসি সালাওয়াত বাসের সুবিধা রাখা হয়েছে।
অন্যদিকে, মদিনায় মারকাজিয়া এলাকার ৮০০ মিটারের মধ্যে থাকবে হোটেল। তবে মক্কার হারাম শরীফের ১ থেকে থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে আবাসন চাইলে সরকারি প্যাকেজ-১ নির্বাচন করতে হবে।
সব প্যাকেজেই ইকোনমি ক্লাসের এয়ার টিকিট, খাবারের ব্যবস্থা এবং প্রতি রিয়ালের দর ৩৩ টাকা ২০ পয়সা ধরা হয়েছে।
আগ্রহী হজযাত্রীদের জন্য ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধনের পর ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এরপর ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের পুরো টাকা ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চের মধ্যে সব ভিসা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।


