সময়ের জনমাধ্যম

নারায়ণগঞ্জে নজর কাড়ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ৭০০ কেজির মহিষ

গোলাপি রঙের ৭০০ কেজির এই বিশাল আকৃতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’

Last Updated on 9 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বরাবরের মতোই বিচিত্র সব নামের পশুর আনাগোনা শুরু হয়েছে। তবে এবার সব আলোচনা কেড়ে নিয়েছে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। এটি মূলত বিরল ‘এলভিনো’ জাতের মহিষ।

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির গায়ের রঙ গোলাপি আভাযুক্ত সাদা। এর কপালের উপরের চুলের বিশেষ কাটিংয়ের সাথে মার্কিন সাবেক প্রেসিডেন্টের মিল থাকায় শখের বশে এই নামকরণ করা হয়েছে।

ব্যতিক্রমী এই নামের কারণে মহিষটি দেখতে প্রতিদিন খামারে অসংখ্য উৎসুক মানুষ ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে এটি এখন প্রধান আলোচনার বিষয়।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ক্রেতা এটি কেনার আগ্রহ দেখালেও মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। একজন শৌখিন ক্রেতা অগ্রিম বুকিং দিয়ে এটি নিজের করে নিয়েছেন।

খামারের কর্মচারীদের মতে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পরম যত্নে বড় করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় ঘাস, ভুট্টা ও ভুসির মতো সাধারণ খাবার থাকলেও এর জন্য ছিল বিশেষ নজরদারি। বিশাল আকৃতির হলেও মহিষটি বেশ শান্ত স্বভাবের।

স্থানীয়দের মতে, কোরবানির ঈদ এলে ক্রেতা আকর্ষণে ‘রাজা’, ‘সুলতান’ বা ‘বাহুবলী’র মতো নাম রাখার চল দীর্ঘদিনের। তবে এবার একজন আলোচিত বিশ্বনেতার নামে মহিষের নামকরণ করায় তা কোরবানির বাজারের প্রচারণায় যোগ করেছে এক নতুন মাত্রা।