Last Updated on 9 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকায় রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমন বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে সংস্থাটি।এমন অঝোর ধারায় বৃষ্টি আরও দুদিন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন , “সারাদেশে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই ধারা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।”
এদিকে, ভারি বৃষ্টিপাতের কারণে ঢাকার বিভিন্ন সড়ক এবং অলগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রী, পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
রোববার ভারি বৃষ্টিপাতজনিত সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দর সম্পর্কিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।
এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার, এছাড়া কক্সবাজারে ১১৫, আরিচায় ১০৬, ফরিদপুরে ১০১, চট্টগ্রামে ৯৮ এবং খুলনায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।


