সময়ের জনমাধ্যম

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। ছবি: আইএসপিআর

Last Updated on 10 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসে ‘সেনা সদর নির্বাচনি পর্যদের’ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

এই পর্ষদ সেনাবাহিনীর নির্দিষ্ট পদমর্যাদার (যেমন কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল) কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সার্ভিস রেকর্ড ও অন্যান্য যোগ্যতা যাচাই করে পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারপ্রধান। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি ‘দিক নির্দেশনামূলক’ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।”

এ ভূমিকার জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে নিহত সেনা সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষাসচিব আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং সেনাবাহিনীর পরিদর্শন বইয়ে সেই করেন।