Last Updated on 2 years by BISWAS
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকার বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে বেইলি রোডে অগ্নিকাণ্ডের খবর । গুরুত্ব দিয়ে ভয়াবহ এই ঘটনার খবর প্রচার করেছে বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস্, ভয়েস অব আমেরিকা, দ্য ন্যাশনাল, বিজনেস স্ট্যান্ডার্ড, টাইমস অব ইন্ডিয়াসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আজকের প্রধান শিরোনাম করা হয়েছে বেইলি রোডে আগুনের ঘটনা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। খাবারের দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে বলেও জানানো হয়।
আগুনের খবর প্রকাশ করেছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে লেখা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে বহু নতুন ভবন গড়ে উঠেছে। এগুলোর অধিকাংশেরই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। ত্রুটিযুক্ত গ্যাসের লাইন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং নিম্নমানের বৈদ্যুতিক সংযোগ থেকে ঘটছে এসব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও বেশ গুরুত্বের সঙ্গে বেইলি রোডের আগুনের খবর প্রকাশ করেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়ার বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
এদিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শুক্রবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহত রোগীদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।


