Last Updated on 2 hours by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে ফুটসাল ম্যাচ খেলে ৩-১ গোলে জয়ী হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়া বনাম ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে তাঁর সফরসঙ্গী দলের মধ্যে এই প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলে আরো খেলেছেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও এনএসসির পরিচালক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী।
শনিবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১ টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম নিজে।
ম্যাচ শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ প্রবাসীরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিদেশে এতো কষ্ট করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব।’
আমিনুল ইসলাম বলেন, ‘আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভবনা রয়েছে।
ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি রাফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, উপদেষ্টা আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর কর্মকর্তাবৃন্দ।

