Last Updated on 1 hour by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: চীন-নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন।
বুধবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই দুর্যোগে সীমান্তের তিব্বত অংশে ২১ জন নিহত ও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ এবং নিখোঁজ ৪ হাজার ৭৫৭ জনে।
গত ২৬ আগস্ট নেপাল চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে সেই স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ভেসে যায়। রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র ও ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: হিন্দু


