সময়ের জনমাধ্যম

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

Last Updated on 1 hour by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: সোনার পদকের স্বপ্ন তো গুঁড়িয়ে গেছে আগেই। ব্রোঞ্জ ধরে রাখার আশা অন্তত ছিল। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড তো দারুণ। কিন্তু সেই প্রত্যাশাও পূরণ হলো না। পাকিস্তানকে হারানো তো দূরের কথা, লড়াই সেভাবে জমাতেই পারল না বাংলাদেশ।

বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান।

গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতেছিল তারা। কিন্তু এবার পাকিস্তানিরা জিতে গেল বেশ সহজেই।

জাপানের আইচির নিশিনে পাকিস্তান ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৪৫ রান। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক ফাতিমা সানা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে।

বাংলাদেশ পারেনি সেই রান তাড়ার সম্ভাবনা জাগাতেও। টানা ব্যাটিং ব্যর্থতার চক্রে থাকা দল পুরো ২০ ওভার খেলে করতে পারে ১১৪ রান। শারমিন আক্তারের ৪৬ রানের লড়িয়ে ইনিংসে ব্যবধান কিছুটা কমাতে পারে তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ হতে পারে এটিই। নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা জানিয়ে বোর্ডকে মেইল করেছেন তিনি এই আসর শুরুর আগেই। দল দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বিসিবির।

নেতৃত্বের সম্ভাব্য শেষ ম্যাচেও নিগারের ব্যাট ছিল মিইয়ে। ৩০ বল খেলে করতে পেরেছেন মোটে ২৫ রান।

পাকিস্তানের উম্মে-ই-হানি বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়ে হয়ে উঠেছিলেন সাকলায়ে মুশতাকের মতো ক্ষুরধার স্পিনার। চার ওভারে স্রেফ ১০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৪৫/৮ (শাওয়াল ১৭, ফিরোজা ৩১, সাইরা ৫, আয়েশা ৯, আইমান ০, আলিয়া ২৫, ফাতিমা ৪৫, তুবা ৪, তাসমিয়া ১*; মারুফা ৩-০-২৬-০, মেঘলা ৪-০-২৮-১, রাবেয়া ৩-০-২৩-০, নাহিদা ৪-০-২১-২, স্বর্ণা ৩-০-১৬-২, রিতু ৩-০-২৭-২)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৭ (দিলারা ১২, জুয়ায়রিয়া ৪, নিগার ২৫, সোবহানা ২, শারমিন ৪৬*, স্বর্ণা ৬, রিতু ৩, রাবেয়া ৪, নাহিদা ১০*; তাসমিয়া ৩-০-২৫-১, ফাতিমা ৪-০-২৫-১, উম-ই-হানি ৪-১-১০-৩, তুবা ৩-০-২৫-০, নাশরা ৪-০-১৯-১, আয়েশা ২-০-১০-১)।