Last Updated on 2 days by zajira news
অনলাইন ডেস্ক, জাজির নিউজ: মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি জাহাজ। জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের কন্টেইনার জাহাজটি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাত হয়ে ডুবে যেতে থাকার তথ্য দিয়েছে এটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ।
ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এটি ডুবে যেতে শুরু করলে থাই নেভির কর্মীরা দুর্ঘটনাস্থলের পথে রওনা দেন। জাহাজটিতে ২০০টি কন্টেইনার রয়েছে।
আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন গনমাধ্যমকে বলেন, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল। ফুকেট উপকূলে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যায়।
‘‘পরে জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাই বাংলাদেশি। তাদের স্থানীয়ভাবে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তারা সকলেই সুস্থ আছেন।‘‘
পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি র্পোট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সেটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। বোরহান উদ্দিন বলেন, উদ্ধার হওয়া নাবিকরা কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন।
কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবেছে তা তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি, যোগ করেন তিনি। থাইল্যান্ডের নৌবাহিনী জাহাজটি উদ্ধারের কাজ করছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।


