Last Updated on 2 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ড্র করে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয় দুই দলের লড়াই।
শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে লাল-সবুজের দল। রোনান সুলিভানের কর্নার থেকে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম দারুণ ভলিতে গোল করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।
ম্যাচে উত্তেজনা ছড়ায় দুই দলের ডাগআউটেও। টাচলাইনের এক ঘটনায় দুই দলের কোচিং স্টাফদের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দিলে ভারতের এক সাপোর্ট স্টাফকে হলুদ কার্ড এবং বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে গোলরক্ষক মাহিনের দুর্দান্ত সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে।
এই ড্রয়ের ফলে সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
রানার্সআপ হিসেবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ভুটানের।


