Last Updated on 2 months by BISWAS
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।
৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারপার্সনের পদটি শূন্য হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। যদিও দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়।
১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলটির হাল ধরেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি চেয়ারপার্সন নির্বাচিত হন। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয় গত মে মাসে। এই দীর্ঘ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যায়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা ২ অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই নিয়ম অনুযায়ী, তারেক রহমান ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে এ দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানার বিএনপি সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান।
২০০৭ সালের একাদশ সংসদ নির্বাচনের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে থাকাকালীন যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে তিনি দেশে ফিরেছেন গত ২৫ ডিসেম্বর।


