Last Updated on 2 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি নিজেই ক্রেনটির চালক ছিলেন।
কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা বলেছেন, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সেখানে রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যায়। এটি রিমোট কন্টোলের মাধ্যমে চালানো হচ্ছিল। ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক
এছাড়া ক্রেনটির ভারে দুটি গাড়িও চূর্ণ হয়। তবে গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি।
ক্রেনের নিচে চাপা পড়লে সেখানে ছুটে আসেন কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তিনি তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ওই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। কুয়ালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কি না সেটি তদন্ত করছেন তারা।
এদিকে, পুলিশ এই ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।


