Last Updated on 58 mins by zajira news
সজিবা হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে নিরলস কাজ করছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
এ ছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগ নিতে মালয়েশিয়ার ব্যবসায়িক ফোরামের সাথে নিয়মিত বৈঠক করছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাশাপাশি, তারা দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে সক্রিয় যোগাযোগ ও সফর বিনিময়ের বিষয়ে আলোচনা অব্যাহত রাখছেন।
তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর নেতৃত্বে গত ৭ ও ৮ সেপ্টেম্বর দেশটির পেনাং রাজ্যের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) সভাপতি দাতো ব্রায়ান তান গুয়ান হুই দাতুক, বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের (এফএমএম) পেনাং শাখার সভাপতি দাতো’ সেরি লি তেওং লি এবং এফএমএমের সদস্যদের সঙ্গে পৃথক দুটি বৈঠকে অংশ নেন দূতাবাসের কর্মকর্তারা।
এসব বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয়, বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়া এবং পেনাং এ একটি ব্যবসায়িক ফোরাম আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া, দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে সক্রিয় যোগাযোগ ও সফর বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ব্যবসায়িক চেম্বারগুলোর ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য কমিটি সদস্যরা এবং হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার, পেনাংয়ে বাংলাদেশের অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক)।


