সময়ের জনমাধ্যম

রানার্সআপ জাপানের বিপক্ষে ড্র করে নকআউটে সুইডেনও

Last Updated on 35 mins by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: প্রথমার্ধে জাপান বা সুইডেন কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। ডালাসে শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। তারা খেলবে ‘সি’ গ্রুপের চ‍্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের ডালাসে দ্বিতীয়ার্ধে প্রথমে গোল করে জাপান। সেই গোল হজমের ৬ মিনিট পর সুইডেনও গোলের দেখা পেয়ে সমতা ফেরায় ম্যাচে।

৫৬ মিনিটে রিতসু দোয়ানের দারুণ থ্রু পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান দাইজেন মায়েদা। এই গোলে সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

৬২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান অ্যান্থনি এলাঙ্গা। এই গোলে জাপানের বিপক্ষে ১-১ সমতা ফেরায় সুইডেন।